চীনে ‘রহস্যময়’ নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে সম্প্রতি জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এরপরই দেশটিতে শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বৃদ্ধির খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য খাতের ‘প্রস্তুতি পর্যালোচনা’ করার জন্য ভারতের অন্তত ছয়টি রাজ্যকে সতর্ক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজস্থান, কর্ণাটক, গুজরাট, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং তামিলনাড়ু রাজ্য সরকার সেখানকার হাসপাতালগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।
এদিকে এনডিটিভি জানিয়েছে, চীনে শিশুদের মধ্যে ‘আবহাওয়াজনিত ফ্লু’র প্রবণতা বাড়ছে, যা শিশুদের শ্বাসযন্ত্রে সংক্রমণ করে।
কর্ণাটকের বাসিন্দাদের এই রোগ সম্পর্কে সচেতন করতে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে রাজ্যটির স্বাস্থ্য অধিদফতর। জনগণকে হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার, কিছুক্ষণ পর পর হাত ধোয়া, মুখে হাত না দেয়া এবং ভিড়ের মধ্যে মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে।
রাজস্থানের স্বাস্থ্য অধিদফতরের এক উপদেষ্টা জানিয়েছেন, এখন পর্যন্ত চীনা ফ্লু’র সংক্রমণ আশঙ্কাজনক পর্যায়ে না গেলেও, তা রোধে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকতে হবে। বেশি সতর্ক থাকতে হবে শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগকে।
ভারতের উত্তরাখণ্ডের চামোলি, উত্তরকাশী এবং পিথোরাগড় এলাকা চীনের সীমান্তের সঙ্গে যুক্ত। তাই এ রাজ্যের হাসপাতালগুলোর ওপর বাড়তি নজর দেয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য অধিদফতর।
তবে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, করোনা মহামারির কথা চিন্তা করেই এমন বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া এখন পর্যন্ত কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, এমন খবর পাওয়া যায়নি।