ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন জানালে বোমা হামলা চালিয়ে মালয়েশিয়ার জহুর রাজ্যের মিড ভ্যালি সাউথ কি’র শপিংমল উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।স্থানীয় সময় শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মিড ভ্যালি সাউথকি শপিং সেন্টারের ম্যানেজমেন্টকে টেলিফোন কলে জানানো হয়, ওই মলের চারপাশে বোমা রাখা হয়েছে। হুমকিদাতা নিজেকে বিদেশি নাগরিক বলে পরিচয় দেন।বোমা হামলার হুমকির বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ান নাগরিকদের ফিলিস্তিনকে সমর্থন না করার জন্য সতর্ক করেছিলেন এক বিদেশি। অন্যথায় ওই শপিংমলে বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়া হয়।
জহুর রাজ্যের পিডিআরএম এবং ফায়ার ডিপার্টমেন্টকে বিষয়টি অবহিত করা হলে তৎক্ষণিকভাবে জহুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাতুক কামরুল জামান মামাত ঘটনাস্থলে গিয়ে জরুরি অ্যালার্মের মাধ্যমে শপিংমলের ক্রেতা ও কর্মচারীসহ প্রায় ৯ হাজার মানুষকে সরিয়ে নেন এবং শপিংমলে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে এলাকাটি নিরাপদ এবং আগের মতোই লোকজন কাজ করছে। পুলিশ আরও পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে রয়েছে। জনগণকে শান্ত থাকার পাশাপাশি বিরক্তির কারণ হতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন কিছু না করার পরামর্শ দেয়া হয়েছে।