দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম ঘোষণা করা হয়। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর অক্টোবর মাসের ঘোষিত দাম অনুযায়ী আন্তর্জাতিক দর সমন্বয় করে দেশে এলপিজির মূল্যে এই পরিবর্তন আনা হয়েছে। অক্টোবরের জন্য প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৭১২.৫০ মার্কিন ডলার বিবেচনায় নিয়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হয়।
এর আগে বিদায়ী সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট রোধে দেশজুড়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় পরিচালিত এ বিশেষ অভিযানে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয়ের ভাউচার, মূল্যতালিকা ও সিলিন্ডারের স্থায়িত্ব পরীক্ষা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অনিয়মের দায়ে ২৩টি দল একযোগে অভিযান চালিয়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। বাজার শৃঙ্খলা ও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে এই তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।