দেশে ডেঙ্গু পরিস্থিতি থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন রোগী।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৮৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে কেবল অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ১৪৪ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২ হাজার ২১৮ জনকে নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। বিপরীতে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯৩ জন। এতে করে এ পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৪২ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এছাড়া খুলনায় ২৮৪ জন, রাজশাহীতে ২৪৬ জন, চট্টগ্রামে ২৪০ জন, বরিশালে ২৩২ জন, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।