গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভবিষ্যতেও তা স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আগামীতে আপনাদের প্রতি আমাদের কোনো এক্সট্রিম অবস্থায় যাওয়া না লাগে সেইভাবে থাকবেন আপনারা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা কর্মসূচি প্রসঙ্গে আইজিপি বলেন, বাংলাদেশে এর আগেও অনেক টানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেসব কর্মসূচির শেষ পরিণতি কী হয়, তা সবাই জানেন। আমরা শান্তির পক্ষের লোক, আমরা শান্তি চাই।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগের ঘটনা নিয়ে তিনি বলেন, থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। এখন আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন তাহলে এরা কাজ কীভাবে করবে। ল এবাইডিং সিটিজেন (আইন মান্যকারী নাগরিক) যদি না থাকে দেশে। আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন। ধরেন এইখানে ১০ লাখ মানুষ আছে, পুলিশ আছে ২০ জন। যদি আপনাদের মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকে তাহলে তো তারা কাজ করতে পারবে না। আপনারা যদি চান পুলিশের এইখানে দরকার নাই তাহলে আপনারা আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।
থানায় অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জনগণ যদি চায় সরকার অবশ্যই সেই স্বীদ্ধান্ত গ্রহণ করবে।
ভবিষ্যতে আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইন এবং সংবিধান অনুযায়ী যা দরকার সব করা হবে।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে আইজিপি, এসআরবি ও বিজিবির মহাপরিচালক গোপালগঞ্জ পরিদর্শনে যান। সেখানে জেলা পুলিশের কল্যাণসভায় অংশ নেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। পরে জুমার নামাজ আদায় শেষে গোপালগঞ্জ সার্কিট হাউসে তিন বাহিনীর প্রধানেরা বৈঠকে বসেন।