মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, এই রায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের বিচারেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বৃহস্পতিবারের এক বিশ্লেষণে বলা হয়েছে, রোহিঙ্গা গণহত্যা মামলার সাম্প্রতিক রায়ের মধ্য দিয়ে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী প্রমাণ করতে এখন আর একটি নির্দিষ্ট ও অকাট্য প্রমাণের (স্মোকিং গান) ওপর নির্ভর করতে হবে না।
যদিও এক দেশের ঘটনার সঙ্গে অন্য দেশের ঘটনার সরাসরি তুলনা করা যায় না এবং প্রতিটি মামলার বিচার নিজস্ব পরিস্থিতি ও প্রমাণের ভিত্তিতে হয়, তারপরও মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মামলায় তৈরি হওয়া আইনি নজির গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে গণহত্যার অভিযোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বপূর্ণ।
আইসিজের ১৯১ পৃষ্ঠার ঐতিহাসিক রায়ে বিষয়গুলো যেভাবে যুক্তি ও প্রমাণের মাধ্যমে তুলে ধরা হয়েছে, তাতে বর্তমান পরিস্থিতির সঙ্গে অনেক মিল খুঁজে পেয়েছেন বিশ্লেষকরা। হেগের আদালতকক্ষে প্রায় তিন ঘণ্টা ধরে রায় পাঠের সময় এসব সাদৃশ্য স্পষ্ট হয়ে ওঠে।
অন্যান্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তুলনায় গণহত্যা প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধ সংঘটনের পেছনে গণহত্যার উদ্দেশ্য প্রতিষ্ঠা করা।
এই উদ্দেশ্য প্রমাণিত না হলে বড় ধরনের হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা ব্যাপক জাতিগত নিধনযজ্ঞের মতো অপরাধ সংঘটিত হলেও সেগুলোকে আইনগতভাবে গণহত্যা হিসেবে চিহ্নিত করা যায় না। এর জন্য প্রমাণ করতে হয়, সহিংসতা পরিচালনাকারীদের লক্ষ্য ছিল কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস করা।
ইসরায়েলের আইনজীবীসহ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশ দীর্ঘদিন ধরে বলে আসছেন, গণহত্যার এই উদ্দেশ্য প্রমাণ করা অত্যন্ত কঠিন। অনেকের ধারণা ছিল, নাৎসি জার্মানির ‘ফাইনাল সলিউশন’ বা চূড়ান্ত সমাধানের মতো লিখিত কোনো দলিল ছাড়া এ ধরনের অপরাধ প্রমাণ করা প্রায় অসম্ভব।
এ ছাড়া অভিযুক্ত রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্যই যে একমাত্র যৌক্তিক ব্যাখ্যা, সেটিও প্রতিষ্ঠা করতে হয়।
তবে আইসিজের বৃহস্পতিবারের রায় এই ধারণায় বড় ধরনের পরিবর্তন এনেছে। রায় ঘোষণার সময় বিচারক ইউজি ইয়াসিসাওয়া জানান, মামলায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণের মতো কোনো একক অকাট্য দলিল ছিল না। তবে পর্যাপ্ত পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। সেসব তথ্যের ভিত্তিতে ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে, মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই।
২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনীর শুরু করা ‘অপারেশন ক্লিয়ারেন্স’ অভিযানে অন্তত ১০ হাজার নারী, পুরুষ ও শিশু নিহত হয়। এ সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই অভিযানকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত বিদ্রোহ দমন অভিযান হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই। যদিও মিয়ানমার সরকার ও সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এমন দাবি করে আসছে।
রায় পাঠের সময় বিচারক ইউজি ইয়াসিসাওয়া বলেন, দীর্ঘদিন ধরে অধিকার থেকে বঞ্চিত রাখা, বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো, নির্বিচারে হত্যা ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, বুলডোজার দিয়ে গ্রাম ধ্বংস, বিপুলসংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা এবং অন্যদের দুর্গম শরণার্থী শিবিরে আটকে রাখার ঘটনাগুলো একটি যৌক্তিক সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে। তা হলো, মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে গণহত্যার অভিপ্রায় ছিল এবং তারা শেষ পর্যন্ত সেই অপরাধ সংঘটিত করেছে। এটি বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ।
রোহিঙ্গা গণহত্যা মামলার এই রায় শুধু পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অপরাধের উদ্দেশ্য প্রতিষ্ঠার পথই দেখায়নি, বরং আত্মরক্ষার যুক্তিতে পরিচালিত বিদ্রোহ দমন অভিযানের পাশাপাশি গণহত্যার অভিপ্রায় থাকার বিষয়টিও প্রতিষ্ঠা করেছে।
এ মামলায় বিচারকরা কোনো ফৌজদারি অপরাধের আগের রায়ের জন্য অপেক্ষা না করে জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগ্রহ করা সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়েছেন। একই সঙ্গে রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সরাসরি সংঘাতের সঙ্গে যুক্ত নয় এমন কোনো তৃতীয় পক্ষও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা করতে পারে। মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া।
অন্যদিকে, গাজাসহ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। গাম্বিয়ার মতো দক্ষিণ আফ্রিকাও এই সংঘাতের সরাসরি পক্ষ নয়।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিভাগের অধ্যাপক নিমার সুলতানি একসময় ফিলিস্তিনের মানবাধিকারবিষয়ক আইন নিয়ে কাজ করেছেন। তার মতে, মিয়ানমারের মামলায় আদালত যেভাবে প্রমাণের ভিত্তিতে আইন প্রয়োগ করেছে, তা থেকে জোরালো ইঙ্গিত পাওয়া যায় যে গাজায় ইসরায়েলের অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিলে দেশটির বিরুদ্ধেও একই ধরনের সিদ্ধান্ত আসতে পারে।
তিনি বলেন, গণহত্যার অভিপ্রায় নিয়ে আলোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত আগের অভিযানগুলোর বিষয়ও বিবেচনায় নিয়েছে। একইভাবে ২০০০ সাল থেকে ইসরায়েলও গাজায় একাধিকবার সামরিক অভিযান চালিয়েছে।
ইসরায়েলের আত্মরক্ষার যুক্তি দুর্বল হওয়ার আশঙ্কা
বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার বর্তমানে তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ইতোমধ্যে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় রয়েছেন।
তবে আন্তর্জাতিক বিচার আদালত যদি নেতানিয়াহুকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে, তাহলে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোটের জন্যও বিষয়টি স্বস্তিদায়ক হবে না। বর্তমানে তিনি সরকার গঠনের চেষ্টা করছেন।
এর কারণ, গাজায় যুদ্ধের প্রথম বছর ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আইজেনকোট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন। ওই সময় ইসরায়েলে বিদ্বেষমূলক বক্তব্যের প্রবণতা ছিল সর্বোচ্চ পর্যায়ে। একই সময়ে গাজায় প্রতিদিন প্রাণহানির সংখ্যাও ছিল সবচেয়ে বেশি।
বৃহস্পতিবারের রায়ের পর ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, আইসিজের রায়ের কয়েকটি দিক ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতাকে দুর্বল করেছে। কারণ, কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটন করেছে কি না, তা নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ড আরও বিস্তৃত হয়েছে।
বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়, আক্রান্ত জনগোষ্ঠীর কোনো অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও তার জবাবে পরিচালিত সামরিক অভিযান গণহত্যার পর্যায়ে পৌঁছাতে পারে।