স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের বেশ কিছু মৌলিক সমস্যার সমাধান করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কোন বাংলাদেশ? আমরা কোন জাতি? যে জাতি নিজেরাই নিজেদের ধ্বংস করছি। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের আন্দোলন পর্যন্ত পুরো সময়জুড়েই শিক্ষার্থীরা পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন। তারা সমাজের পরিবর্তন চেয়েছেন এবং পুরো ব্যবস্থার সংস্কার করতে চেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব সময় আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি।
ঢাকা কলেজের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ঢাকা কলেজ এ দেশের, এ অঞ্চলের পাশাপাশি সমগ্র উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে অনেক সৃজনশীল মানুষের জন্ম হয়েছে। কলেজটির শিক্ষার্থীরা সব সময় রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। তবে এ কলেজের শিক্ষার্থীদের আবাসন, হোস্টেল, ভালো লাইব্রেরি ও আধুনিক পরীক্ষাগারের ব্যবস্থা না থাকার কথা শুনে তিনি হতাশা প্রকাশ করেন।
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ নেই। তাই শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে তা বাস্তব জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে। দেশের, মানুষের এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখেই এ বিষয়ে পরিকল্পনা নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ দেশের জন্য পূর্বপুরুষেরা জীবন উৎসর্গ করেছেন। একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও প্রাণ দিয়েছেন। তাদের স্বপ্ন ও আত্মত্যাগের ভিত্তিতে এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে। তারা পাবে মানবিক ও সাম্যের রাষ্ট্র। পাশাপাশি নিজেদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে। এমন বাংলাদেশই দেখতে চান তারা।
শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের পাঠদান করাই শিক্ষকদের একমাত্র দায়িত্ব নয়। তাদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে ভূমিকা রাখাও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, জ্ঞান অনুসন্ধান, গবেষণার আগ্রহ ও সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
সবশেষে নতুন প্রজন্মের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, তরুণেরা আগের চেয়ে অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তাদের হাত ধরেই বাংলাদেশ একটি বাসযোগ্য ও মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।