ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে মিনারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটার দিকে পৌর শহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে কামরুল (৪০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (৩৫) পলাতক রয়েছেন।
নিহত মিনারা বেগম কাকনহাটি গ্রামের প্রয়াত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিনের স্ত্রী।
নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কামরুল ও তাঁর স্ত্রী প্রায়ই মাকে মারধর করতেন। এরই জেরে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা মিনারা বেগমকে মারধর করেন এবং মা-মেয়েকে একটি ঘরে আটকে রাখেন।
তিনি আরও জানান, রাতে মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মামা আলামিনকে খবর দেন। পরে আলামিন ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন এবং রাত ১২টার দিকে মিনারা বেগমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অবস্থার আরও অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।