বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Title :
ঈশ্বরগঞ্জে সম্পত্তির বিরোধে প্রাণ গেল মায়ের, ছেলে ও পুত্রবধূ পলাতক মেসিকে আর্জেন্টিনার কোচিংয়ে চান স্কালোনি, দলে ফিরছেন এমি মার্তিনেজ উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট ভারত বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে: রিজভী ড্রোন-এআই ও সাইবার যুদ্ধে সক্ষমতা বাড়াতে সেনাপ্রধানের নির্দেশ নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত এমপির

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন কার্যক্রমের তদারকিও সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউএনডিপির বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায়।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এ সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়েছেন। তাঁদের আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বৃদ্ধি পেয়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। এ কর্মশালায় অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংসদীয় স্থায়ী কমিটি ও সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন ও কাজের গুণগত মান বাড়াতে হবে।

বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, গত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও আগের অনির্বাচিত সংসদ সদস্যরা এর বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে পারেননি। বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এ দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের উন্নয়ন কার্যক্রমের জন্য টেকসই পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

এ সময় সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদের উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির ধারাবাহিক সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান স্পিকার। পরে তিনি কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category