উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৯ নভেম্বর তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লালমনিরহাটসহ আশপাশের এলাকাগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা শহরের বিভিন্ন স্থানে সাজসজ্জার কাজ চলছে। নতুন রঙে সাজানো হচ্ছে শহরের মিশনমোড়সহ আশপাশের সড়কগুলো। সড়কের আইল্যান্ডগুলোও নতুনভাবে সাজানো হচ্ছে।
অন্যদিকে কালেক্টরেট মাঠে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আয়োজন।
দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সফরসূচি অনুযায়ী, ১৯ নভেম্বর সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে একটি বিশাল জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সবশেষে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।