মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশের উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে হোটেল ইম্পেরিয়ালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুলাইয়ে জাইকা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন। সেই সঙ্গে দেশের অবকাঠামোগত ও আর্থসামাজিক অগ্রগতিতে জাপানের দীর্ঘদিনের অংশীদারত্ব এবং জাইকার গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে জাপানের অর্থায়নে চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর কাজ দ্রুত করার বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় জাপানের সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষ থেকে ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’ গঠন, একটি ‘প্রযুক্তি ও উদ্ভাবন নগরী’ প্রতিষ্ঠা এবং কৃষি আধুনিকীকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে জাপানি সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব তুলে ধরা হয়। এছাড়া বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তার অনুরোধ জানানো হলে জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাইকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category