মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্ন।”

সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি জারি করা ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পায়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির বাছাই করা সেরা শিক্ষার্থী ও শিক্ষকরা এই পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। শিক্ষার্থীদের রাষ্ট্র ও ভবিষ্যতের নেতৃত্ব সম্পর্কে আগ্রহী করে তুলতেই এই পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই সুযোগ পাবে।

পাশাপাশি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি পিতামাতা, শিক্ষক ও মুরুব্বিদের সম্মান করার এবং নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category