নরসিংদীর মনোহরদীতে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার রসুলপুর গ্রামের ঋষিপাড়ার নিখিল নমদাস (৮৫) ও তাঁর স্ত্রী লিপি মনিদাস (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুজ্জামানের নেতৃত্বে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রসুলপুর গ্রামের ঋষিপাড়ায় মাদকবিরোধী একটি অভিযান চালানো হয়। অভিযানে নিখিল নমদাসের বসতঘর তল্লাশি করে ছোট-বড় পাঁচটি ড্রামে রাখা ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, উদ্ধার করা চোলাই মদসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।