ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মধুপুর সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানের অংশ হিসেবে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক। এছাড়া মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান খান, সদস্য সচিব আবির হাসান অন্তর, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, জিসান আহমেদ, ইলিয়াস আহমেদ, রজব ইসলাম, নায়ন ইসলাম, নাজমুল ইসলাম ও মেরাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ছাত্রদলের নেতারা জানান, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই কলেজ ক্যাম্পাসে এ উদ্যোগ নেওয়া হয়েছে।