দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। একপর্যায়ে দুবাইয়ের আদালতে বিয়ে। ভালোবাসার টানে ভারতের কেরালা থেকে বাংলাদেশে এসে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে উঠেছেন অশ্বিনী নামের এক তরুণী।
ভিনদেশি এই নববধূর আগমনের খবর ছড়িয়ে পড়তেই তাঁকে একনজর দেখতে প্রতিদিন মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।
শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, ২০২১ সালের শেষ দিকে জীবিকার সন্ধানে দুবাই যান তিনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় চাকরি নেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। কর্মস্থলেই তাঁদের পরিচয় হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মাসুদ রানা জানান, পরস্পরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। পরে অশ্বিনী ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে তাঁর স্বামীর বাড়িতে ওঠেন।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। “পরিচয় থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা”—এভাবেই তাঁদের সম্পর্কের শুরু। দুজনের পছন্দ ও সম্মতির ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
অশ্বিনীর ভাষ্য, তাঁর পরিবার তাঁদের সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে আপন করে নিয়েছেন। রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি। দুবাই থেকে প্রথমে ভারতে যান, পরে সেখান থেকে স্বামীর বাড়িতে আসেন। শ্বশুরবাড়ির সবাইকে ‘খুব ভালো মানুষ’ বলেও উল্লেখ করেন তিনি।
রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় তাঁর ছেলের সঙ্গে ভারতের ওই তরুণীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্ক মেনে নেন। বর্তমানে ছেলে ও পুত্রবধূ বাড়িতেই রয়েছেন। অশ্বিনীকে পরিবারের সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তাঁরা। তাঁর ভাষ্য অনুযায়ী, অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।