দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বড়ুয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, চলতি বছর সারাদেশে ১৫শ কিলোমিটার এবং আগামী ৫ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। খালের পানি ব্যবহার করে কৃষিকাজ সম্প্রসারণের পাশাপাশি মাছ চাষের নতুন সুযোগ সৃষ্টি হবে। এছাড়া খালের পাড়ে বনায়ন করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং এলাকাটি দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
তিনি আরও উল্লেখ করেন যে, এসব কার্যক্রমের সুফল সরাসরি স্থানীয় হতদরিদ্র জনগোষ্ঠী ভোগ করবে এবং খালের মাছ ও বনায়নের লভ্যাংশ তাদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার খাল খননের যে অঙ্গীকার রয়েছে, সরকার তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করার পর সারাদেশে একযোগে এই উদ্যোগ চালু হয়েছে।
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।