সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, দেশে আকস্মিকভাবে বিলুপ্তপ্রায় রোগ হাম-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অনেক শিশু ও সাধারণ মানুষ হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টদের জড়িত থাকার অভিযোগ তুলে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম বলেন, আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা ও মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে তিনি এ নোটিশ দিয়েছেন।