রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর ট্রেন ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর চলাচল সীমিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনটি গোপালগঞ্জের পরিবর্তে ফরিদপুরের কালুখালী জংশন স্টেশন পর্যন্ত চলাচল করবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ট্রেনটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আপাতত রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি কালুখালী স্টেশনে গিয়ে যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় গোপালগঞ্জ পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ নির্ধারিত স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ট্রেনটি (৭৮৩) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।
যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় রাজশাহী অঞ্চল থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালী স্টেশনে নেমে সড়কপথ বা বিকল্প পরিবহনে পরবর্তী গন্তব্যে যাতায়াত করতে হবে।