বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা এখন পূর্ব পাকিস্তান’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এ আদেশ দেন।
শুনানির জন্য জ্যোতিকাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীও তাকে কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক এ আদেশ দেন।
কারাগারে নেওয়ার সময়ও জ্যোতিকাকে ঘিরে কড়া নিরাপত্তা ছিল। আদালত প্রাঙ্গণে পৌঁছে মাথার হেলমেট হাত দিয়ে সরিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই আপনারা বলে দিয়েন। এটা এখন পূর্ব পাকিস্তান। আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ দেখাতে পারে নাই।’
এ সময় নারী পুলিশ সদস্যরা তার মুখে হেলমেট চেপে ধরেন। পরে দ্রুত তাকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগের একটি দল। সেখান থেকেই জ্যোতিকাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীরা ভাটারা থানার সামনে অবস্থান নেন। সে সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে।
পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক।
ওই মামলায় জ্যোতিকা জ্যোতি এজাহারে নাম থাকা ২১৬ নম্বর আসামি। মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন। এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
গ্রেপ্তারের আগে বাসার দরজার সামনে পুলিশ অবস্থান নেওয়ার পর দীর্ঘ সময় ফেসবুকে সরাসরি সম্প্রচারে ছিলেন জ্যোতি। এ সময় পুলিশের সঙ্গে তাকে বাগ্বিতণ্ডা করতে দেখা যায়। নিজের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, তা জানতে চান তিনি।
পুলিশকে জ্যোতি বলেন, ‘প্রয়োজনে আমি সকালে আপনাদের অফিসে যাব। কিন্তু এখন যাব না।’
পুলিশ দরজা ভাঙার জন্য ধাক্কাধাক্কি শুরু করলে সরাসরি সম্প্রচারে তাকে বলতে শোনা যায়, ‘আমার দরজা ভাঙার কোনো অধিকার আপনাদের নেই। এটা কিন্তু খুব খারাপ হবে।’ পরে তিনি পুলিশ সদস্যদের কাছে হাতকড়া না পরানোর অনুরোধও জানান। একপর্যায়ে পুলিশ তাকে বাসা থেকে আটক করে নিয়ে যায়।
আটকের পর তার যাচাইকৃত ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারের ভিডিওটি আর পাওয়া যায়নি।
জানা গেছে, জ্যোতিকা জ্যোতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে দলটির মনোনয়ন পেতে আবেদনপত্র কিনেছিলেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ২০২৩ সালের ১৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। শিল্পী ও কলাকুশলীদের নিয়ে গঠিত আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের প্রশাসকও ছিলেন তিনি।