২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে এমন রায় ঘোষণা করলেন।
রায়ে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’’
বহুল আলোচিত এ মামলায় আদালতের ৯ জন বিচারপতি গণহত্যার পক্ষে মত দেন। বিপক্ষে ছিলেন ছয়জন। ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন বিচারকরা।
ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য… যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা হয়।’’
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে আদালত জানালেও এর নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেননি বিচারপতিরা। ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘পূর্বাবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদিও ক্ষতিপূরণের পরিমাণ কিংবা পদ্ধতির প্রশ্নটি… বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা উচিত।’’
আদালতের নির্দেশ অনুযায়ী, রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে অথবা তাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তার বিস্তারিত বিবরণ থাকতে হবে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারে কী ঘটেছিল?
রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার যোদ্ধারা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের আগস্টে বড় পরিসরে সামরিক অভিযান চালানো হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন ৭ লাখ ৪০ হাজার মানুষ।
জাতিসংঘের তদন্তে উঠে এসেছে, সেনাসদস্যরা শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছেন, ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন এবং রোহিঙ্গা নারী ও কিশোরীদের নিয়মিত ধর্ষণ ও গণধর্ষণ করেছেন। তদন্তকারীদের মতে, এসব যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।
নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মাত্র দুটি মামলায় কয়েকজন সেনাসদস্যকে দোষী সাব্যস্ত করার কথা জানিয়েছিল সামরিক বাহিনী। এর মধ্যে ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে সাতজন সেনাসদস্যকে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু সাজা ভোগের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের মুক্তি দেওয়া হয়েছিল।
এরও আগে, ১৯৮২ সালে মিয়ানমার স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয়। কয়েক প্রজন্ম ধরে দেশটিতে বসবাস করলেও অনেক রোহিঙ্গা পরিবারকে ‘অভিবাসী বাঙালি’ হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর থেকে প্রায় সব রোহিঙ্গাকে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে তারা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন।
২০২৩ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে আরাকান আর্মি নামের রাখাইনভিত্তিক একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী রাজ্যটির অধিকাংশ এলাকা দখলে নেয়। গত আগস্টে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানায়, উভয় পক্ষই রোহিঙ্গাদের ওপর ব্যাপক ও পরিকল্পিত নির্যাতন চালিয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগও রয়েছে।
-20261119121824.jpg)
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে পৌঁছেছে।
এসব শরণার্থীর অধিকাংশই কক্সবাজার জেলার ঘনবসতিপূর্ণ ছোট ছোট শিবিরে বসবাস করছেন। তাদের জীবনযাত্রা আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সহায়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সহায়তা কমানোর পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বর্তমানে অধিকাংশ শরণার্থী আগের তুলনায় কম খাদ্য সহায়তা পাচ্ছেন। অনেক শিবিরের স্কুলও বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সতর্ক করে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার সংকট রয়েছে।