রাজধানীর উত্তরায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন।
এর আগে এদিন তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উত্তরার জামিয়াছিন ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তিনি পরিবারসহ ওই বাসায় বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।