দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে পারদর্শী করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম সাজাতে হবে। চাকরির বাজারে পরিবর্তিত চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করাও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, বিইউপিতে বর্তমানে সাইবার নিরাপত্তা, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ কর্মসংস্থানের বাজারে চাহিদা রয়েছে এমন বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।
শিক্ষার্থীদের যোগাযোগ ও পেশাগত দক্ষতা বাড়ানোর বিষয়েও বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিচ্ছে বলে জানান উপাচার্য।
এ সময় উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।