প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া গেছে।তবে এখনো আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে একটি সূত্র।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।তিনি বলেন, আমরা প্রথম সংবাদ পেয়েছি ৬টা ৪ মিনিটে আগুন লেগেছে। এরপর ৬টা ১৩ মিনিটে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। রাত ৮টা ৩৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এখন পর্যন্ত ৭-৮ জন লোককে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত কিংবা নিহত হওয়ার খবর আসেনি। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।