কিশোরগঞ্জের হোসেনপুরে লেবুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। ৪০ টাকা কেজির লেবু এক লাফে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মূলত মাহে রমজানে ইফতারের সময় রোজাদারদের তৃষ্ণা মেটাতে ও ক্লান্তি দূর করতে শরবতের যেন বিকল্প নেই। তাইতো গৃহিণীরা ইফতার আইটেমে লেবুর শরবত যোগ করতে সদা ব্যস্ত থাকেন। তবে এ রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি লেবুর দাম অস্বাভাবিক বৃদ্ধিতে খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে চলে গেছে লেবু।
উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি কেজি লেবু প্রকারভেদে ১০০-১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। যা গত ২ থেকে ৩ দিন আগেও ছিল প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা।
ক্রেতাদের অভিযোগ, রমজান মাসকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী লেবুর দাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কোনো নজরদারি না থাকায় বেশি দামে লেবু বিক্রি করছেন বিক্রেতারা। তবে স্থানীয় বাজারগুলোতে লেবুর সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে দাবি করেছেন বিক্রেতারা।