লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বদলানোর সময় দাঁড়ানো ট্রেনে জোরে ধাক্কা লেগে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আহত যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নং ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নং কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে জংশনে প্ল্যাটফর্মে দাঁড়ায়। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে পূর্বের ইঞ্জিন নিয়ে লোকো সেটে চলে যান চালক। পরে লোকো সেট থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে বগিতে লাগাতে গেলে জোরে ধাক্কা দিলে কমিউটার ট্রেনটিতে ধাক্কা লাগে। এতে ওই ট্রেনের প্রায় অর্ধশত যাত্রী বগিতেই ছিটকে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় রেলওয়ের কর্মীরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আহতদের মধ্যে দুইজন নারী যাত্রী মাথা ও হাতে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হওয়ায় তাদেরকে রংপুরে পাঠানো হয়েছে।