সরকারি ব্যয় সাশ্রয় করতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়ির মাসিক তেলের বরাদ্দ থেকে ৩০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগ বিস্তারিত তথ্য তুলে ধরে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় বর্তমানে শতভাগ বন্ধ রাখতে হবে।
এছাড়া সরকারি সকল দপ্তরে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানি তেলের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। একই সাথে সরকারি কার্যালয়গুলোতে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহারও ৩০ শতাংশ কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে এই ব্যয় ৫০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে আপাতত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ থাকবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া এসব কৌশল দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কিছুটা কমবে।