আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। এদিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এটিই হবে তারেক রহমানের পক্ষ থেকে প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা।
বিএনপি জানিয়েছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এবারই প্রথম তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এর আগে পঞ্চম থেকে নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দিয়েছিলেন দলটির সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময়ে তিনিই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময়ে খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোরে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। দীর্ঘ বিরতির পর এবার তারা নির্বাচনের মাঠে ফিরছে।
বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ইশতেহারে জনগণের ক্ষমতায়ন, জনগণের রাষ্ট্রীয় মালিকানা এবং স্বাধীনতার অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া জনগণের নিরাপত্তা, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এবারের ইশতেহারে প্রাধান্য দেওয়া হয়েছে।