বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত দেড়টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।
এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ফেসবুকে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।
জামায়াত আমির আশা করেন, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধন্যবাদ জানিয়ে লেখেন, অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।
এর আগে, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর হ্যাকার সেখানে একটি জামায়াত আমিরের নামে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করে। এরপর ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধার করে ওই পোস্ট সরিয়ে নেয়। পরে বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।