মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

‘শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি’ বলা অডিওটি এআই নয়: দ্য ডিসেন্ট

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সংস্থাটি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

দ্য ডিসেন্ট তাদের প্রতিবেদনে জানায়, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা ও উৎস নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে মুফতি আমির হামজা কিংবা তাঁর নিকটজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় কথোপকথনগুলো ঠিক কার সঙ্গে এবং কোন প্রেক্ষাপটে হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদনের তথ্য মতে, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে আমির হামজার কথিত নারীঘটিত বিষয়সংক্রান্ত অডিও ও ভিডিও থাকার দাবি করেন। একই পোস্টে তিনি ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে গভীর অনুশোচনা প্রকাশ করে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ বা অভিমান নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক কিংবা নফসের জালে হোক, হয়ে যাওয়ার পর থেকে আমি নিজেই প্রচণ্ড অনুতপ্ত।’

এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদানকালে আমির হামজা নিজের সম্মানহানির তীব্র অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত তথাকথিত বক্তব্যের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একই সাথে এ ঘটনার নেপথ্যে একটি প্রতিবেশী দেশ ও সংশ্লিষ্ট কিছু ব্যক্তি জড়িত বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তবে ওই সম্মেলনে আমির হামজা তাঁর নামে ছড়ানো অডিওগুলো সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে সুস্পষ্ট বক্তব্য দেননি। কিন্তু তাঁর দেওয়া বক্তব্যের একাংশকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই প্রযুক্তিতে তৈরি বলে ব্যাপক প্রচারণা চালানো হয়।

দ্য ডিসেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেছে, একাধিক উন্নত অনলাইন টুলে অডিওগুলো পরীক্ষা করে এতে এআই ব্যবহারের কোনো মেলেনি। তবে প্রযুক্তিগত এই পরীক্ষার ফলাফলই অডিওর প্রকৃত উৎস বা মূল ঘটনার পেছনের প্রেক্ষাপট চূড়ান্তভাবে প্রমাণ করে না।

অন্যদিকে মুফতি আমির হামজার এই কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে ব্যাপক নেতিবাচক প্রচার-প্রচারণা শুরু হয়। দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে, গত চার দিনে তাঁর বিরুদ্ধে অন্তত ১১৮টি আক্রমণাত্মক ভিডিও পোস্ট করা হয়েছে। এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা দেওয়া ছাড়াও এআই দিয়ে প্রস্তুত করা আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করার প্রমাণ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category