ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও সেই প্রস্তাব গ্রহণ করেননি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও তার শরিকেরা জয়ী হওয়ার পর তাঁকে প্রধানমন্ত্রী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে শেষ পর্যন্ত সেই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান তিনি। এ সিদ্ধান্তের পেছনে সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার মতামত এবং পরিবারের অতীতের রাজনৈতিক হত্যাকাণ্ডের স্মৃতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
সোনিয়া গান্ধী তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পাওয়া, তা নিয়ে দ্বিধা এবং শেষ পর্যন্ত প্রত্যাখ্যানের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁর সেই বর্ণনা প্রকাশ করেছে ভারতের একটি ইংরেজি দৈনিক।
সোনিয়া লিখেছেন, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই বিষয়টি নিয়ে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হলে সন্তানরা বিষয়টিকে কীভাবে দেখবে, তা বুঝতে চেয়েছিলেন। সে সময় তাঁদের একজন সরাসরি জানতে চেয়েছিলেন, দল নির্বাচনে জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না। জবাবে সোনিয়া জানিয়েছিলেন, একেবারেই না। এ বিষয়ে তাঁর মনোভাব পরিষ্কার কি না, জানতে চাইলে দৃঢ়ভাবে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
সোনিয়ার ভাষ্য অনুযায়ী, রাহুল ও প্রিয়াঙ্কা কেউই চাননি তাঁদের মা প্রধানমন্ত্রী হন। তাঁদের দাদি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের গভীর মানসিক প্রভাব তাঁদের মনে ছিল। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ঝুঁকি সম্পর্কেও তাঁরা সচেতন ছিলেন। মায়ের সিদ্ধান্তে তাঁরা আশ্বস্ত হয়েছিলেন। এতে সন্তানদের পাশাপাশি সোনিয়ার নিজের মন থেকেও চাপ কমেছিল।
সোনিয়া লিখেছেন, সন্তানদের কাছেই প্রথমবার নিজের অবস্থান এতটা স্পষ্ট করে জানিয়েছিলেন তিনি। বিষয়টি তাঁদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নির্বাচনী প্রচারের সময় অন্য কেউ এ বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি। তখন তাঁর লক্ষ্য ছিল কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখা এবং প্রতিপক্ষের মোকাবিলা করা। নেতৃত্ব নিয়ে কোনো বিতর্কও তৈরি হতে দিতে চাননি তিনি। তাঁর মতে, কংগ্রেসের ঐতিহ্য বহন করার দায়িত্ব এমন একজনের হাতে থাকা উচিত, যাঁর সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং সততার রেকর্ড প্রশ্নাতীত।
শাশুড়ি ইন্দিরা গান্ধী ও স্বামী রাজীব গান্ধীর আদর্শ এবং প্রত্যাশার প্রতিও নিজের দায়িত্ববোধের কথা উল্লেখ করেছেন সোনিয়া। তবে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করা উচিত কি না, তা নিয়ে তাঁর মধ্যে দ্বন্দ্ব চলছিল। একদিকে দলীয় কর্মীদের প্রতি দায়িত্ব ও তাঁদের প্রত্যাশা পূরণের বিষয়টি তাঁকে ভাবাচ্ছিল। অন্যদিকে নিজের অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে দায়িত্ব নিতে মন সায় দিচ্ছিল না। কখনো একটি সিদ্ধান্তকে সঠিক মনে হলেও পরক্ষণেই অন্য যুক্তি তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করত।
এ অবস্থায় সোনিয়ার বাসভবনে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে যাওয়ার আগে কংগ্রেসের সহকর্মীদের আশ্বস্ত করে শরিক নেতারা বলেছিলেন, তাঁরা সোনিয়াকে প্রধানমন্ত্রী হতে রাজি করিয়ে নেবেন।
রাজীব গান্ধীর সম্মেলনকক্ষে বৈঠক শুরু হলে একের পর এক নেতা সোনিয়াকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের বক্তব্য শোনার পর নিজের মতামত জানানোর সুযোগ পান তিনি।
সোনিয়া লিখেছেন, নিজের সিদ্ধান্ত জানাতেই কক্ষজুড়ে প্রতিবাদের পরিস্থিতি তৈরি হয়। শরিক দলের নেতারা উঠে দাঁড়িয়ে তাঁর দিকে এগিয়ে আসেন। কেউ বলেন, তাঁরা এই সিদ্ধান্ত মেনে নেবেন না। আবার কেউ জানান, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার সোনিয়ার নেই। নেতাদের কণ্ঠ ছিল কঠোর ও আক্রমণাত্মক। তাঁরা স্পষ্ট করে বলেন, ‘না’ শোনার জন্য তাঁরা বৈঠকে আসেননি।
এতে ভয় পেয়ে যান সোনিয়া। কোনো রকমে কিছু বলার চেষ্টা করলেও নেতারা তাঁকে কথা শেষ করতে দেননি। একের পর এক তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। কেউ কেউ বলতে থাকেন, তিনি রাজি হয়েছেন। অথচ সোনিয়া তখনো নির্বাক ও নিশ্চল হয়ে দাঁড়িয়ে ছিলেন। নেতারা তাঁকে সম্মতি দিয়েছেন ভেবে সন্তুষ্ট মনে বৈঠকস্থল ত্যাগ করেন।
সোনিয়া তখন খেয়াল করেননি, সম্মেলনকক্ষের জানালাগুলো খোলা ছিল। একটি জানালার পাশে দাঁড়িয়ে পুরো বৈঠক শুনছিলেন প্রিয়াঙ্কা। পরে মাকে তিনি জানান, নেতারা যেভাবে তাঁকে ঘিরে ধরেছিলেন, তাতে মনে হয়েছিল জোর করেই তাঁকে প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হচ্ছে।
বৈঠকের দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে রাহুলকে খুঁজতে থাকেন প্রিয়াঙ্কা। তাঁকে এমন অবস্থায় দেখে রাহুল জানতে চান, কী হয়েছে। প্রিয়াঙ্কা জানান, নেতারা তাঁদের মাকে ঘিরে ধরেছিলেন এবং মা সম্মতি দিয়েছেন।
এ কথা শুনে বিচলিত রাহুল ও প্রিয়াঙ্কা মায়ের কাছে ছুটে যান। রাহুল চিৎকার করে জানতে চান, তিনি কি সত্যিই সম্মতি দিয়েছেন? জবাবে সোনিয়া জানান, তিনি রাজি হতে চাননি। কিন্তু নেতারা তাঁর কথা শুনছিলেন না এবং তিনি প্রধানমন্ত্রী হতে চান না, তা সন্তানরাও জানেন।
রাহুল ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, নেতারা তাঁকে চাপ দিচ্ছিলেন, তাহলে তাঁরা কোথায় ছিলেন? মায়ের আগের অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। প্রিয়াঙ্কাও মাকে নিজের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেন। তিনি জানান, যেকোনো সিদ্ধান্তে তাঁরা মায়ের পাশে থাকবেন।
সোনিয়া লিখেছেন, সন্তানদের প্রতিক্রিয়ায় তাঁরও কান্না পাচ্ছিল। সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল, একটি অন্ধকার যেন তাঁকে ঘিরে ধরেছে। সিদ্ধান্তটির প্রভাব শুধু কংগ্রেস নয়, দেশের ওপরও পড়তে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তাঁর মনে। তাঁর উপলব্ধি ছিল, ভারতের প্রয়োজন একটি শক্তিশালী সরকার ও দক্ষ প্রশাসন। একই সঙ্গে উন্নয়ন, অগ্রগতি এবং দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার ভিত্তি রক্ষা করাও জরুরি।
সোনিয়ার ধারণা ছিল, তিনি প্রধানমন্ত্রী হলে বিজেপি তাঁর বিদেশি পরিচয়কে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে আসবে। এতে অতীতের অর্জনগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যে দেশকে তিনি ভালোবাসেন, সেই দেশের ক্ষতি হতে পারে এমন কোনো দায়িত্ব তিনি নিতে চাননি। এ কারণেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যানের সিদ্ধান্তে অটল হন।
সেই রাতেই নিজের সঙ্গে দীর্ঘ দ্বন্দ্বের পর সিদ্ধান্ত চূড়ান্ত করেন সোনিয়া। পরদিন সকালে রাহুলের কক্ষে গিয়ে তাঁকে জানান, নিজের সিদ্ধান্তেই অটল থাকবেন। রাহুল তাঁকে জড়িয়ে ধরে বলেন, এটাই সঠিক সিদ্ধান্ত। ততক্ষণে নির্বাচনের ফলও প্রকাশিত হয়েছে। নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পেরে স্বস্তি অনুভব করেন সোনিয়া।
কংগ্রেসের সংসদীয় দলের নেতা নির্বাচনের দিন পার্লামেন্টের সেন্ট্রাল হলে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান। একের পর এক নেতা তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন। কিন্তু সোনিয়া নিজের অবস্থান পরিবর্তন করেননি।
আত্মজীবনীতে তিনি লিখেছেন, লিখিত বক্তব্য পাঠ করার সময় নিজের রাজনৈতিক জীবনের অবস্থান তুলে ধরেছিলেন। বলেছিলেন, প্রধানমন্ত্রীর পদ কখনোই তাঁর জীবনের লক্ষ্য ছিল না। পরিস্থিতি যা-ই হোক, তিনি সব সময় নিজের বিবেকের কথা শুনবেন। আর সেই বিবেকের নির্দেশেই তিনি বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করছেন।
সোনিয়ার এই ঘোষণার পর উপস্থিত নেতাদের মধ্যে আবারও প্রতিবাদ শুরু হয়। কেউ কাঁদতে থাকেন, কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাঁকে হলের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাহুল ও প্রিয়াঙ্কা তাঁর পাশে এসে দাঁড়ান। কিছুক্ষণ পর আবার সেন্ট্রাল হলে ফিরে বাকি বক্তব্য শেষ করেন তিনি।
বক্তব্যে সোনিয়া বলেন, সবাই তাঁকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচন করে আস্থা ও বিশ্বাস রেখেছেন। তবে সেই আস্থা সত্ত্বেও তিনি নিজের দীর্ঘদিনের নীতিতে অটল থাকবেন। ক্ষমতা কখনো তাঁকে আকৃষ্ট করেনি কিংবা তাঁর লক্ষ্য নির্ধারণ করেনি। বরং দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি রক্ষা এবং দরিদ্র মানুষের পাশে থাকাই ছিল তাঁর রাজনৈতিক লক্ষ্য।
তাঁর সিদ্ধান্ত স্পষ্ট হয়ে যাওয়ার পরও কয়েকজন নেতা আপত্তি জানান। এরপর সোনিয়া তাঁদের কাছে নতুন নেতা নির্বাচনের অনুমতি চান। সবাই সম্মতি দিলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করেন। উপস্থিত নেতারা করতালি দিয়ে সেই প্রস্তাবকে স্বাগত জানান। রাহুল ও প্রিয়াঙ্কাও হাততালি দেন।
সোনিয়া তাঁর আত্মজীবনীতে সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, বক্তব্যের কপি হাতে নিয়ে তিনি সরে আসেন। অবশেষে তাঁর অগ্নিপরীক্ষার অবসান ঘটে।