দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ৮৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন করে ১ হাজার ৩৫৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৮৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের শরীরে। আর সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে।