শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর তার এই উপস্থিতি নিয়ে এক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‌‌‌তাকে আনতে পেরে আমরা গর্বিত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ড. ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া একযুগ এখানে আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল পৌনে ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া।

২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনেহিঁচড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি।

বিএনপি চেয়ারপারসন ২০১৮ সালের পর এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এ ছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র ২৬ জন নেতাও সশ্বস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category