কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড় থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রায় ২ ঘণ্টা শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ও যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয় ও শেষ হয় সন্ধ্যা ৬টায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বাতেন খাঁর মোড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শান্তিমোড়, নিমতলা, বড় ইন্দারা মোড়, ক্লাব সুপার মার্কেট, কোর্ট চত্বর, অক্ট্রয় মোড় ঘুরে বিশ্বরোড মোড়ে গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।