ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও ওদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সরব হয়েছেন বিনোদন সাংবাদিকরা। এবার তিশার ওই আচরণের জন্য ডিরেক্টরস গিল্ডের প্রতি আহ্বান জানালেন গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। ওই সমাবেশে তিশাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয় ক্ষমা চাওয়ার জন্য।
এবার গণমাধ্যমকর্মীরা অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তানজিন তিশাকে সব ধরনের নির্মাণকাজ থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের প্রতি।
আজ বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা। তারা বলেন, তানজিন তিশা যতদিন পর্যন্ত নিঃশর্ত ক্ষমা না চায় ও ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে না বলে অঙ্গীকার প্রদান করে; ততদিন পর্যন্ত আপনারা ( ডিরেক্টরস গিল্ড) তাকে নিয়ে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকবেন বলে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান।
তারা আরও বলেন, গণমাধ্যমকর্মী ও নির্মাতারা একে অপরের পরিপূরক বলে শিল্পী ও সাংবাদিক দ্বন্দ্বের এই দুঃসময়ে আপনারা গণমাধ্যমকর্মীদের যৌক্তিক দাবির সাথে সহমত প্রকাশ করে আমাদের সাথে থাকবেন বলে প্রত্যাশা করছি।
উল্লেখ্য, সংবাদ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি একজন গণমাধ্যমকর্মী তানজিন তিশাকে ফোন দিলে গণমাধ্যমকর্মীদের ‘উড়িয়ে’ দেয়ার হুমকি দেন তানজিন তিশা। এ বিষয়টি দেশে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিলে গণমাধ্যমকর্মীরা অভিনেত্রী তানজিন তিশার বিপক্ষে অবস্থান নেন।