আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অবৈধ অর্থ ছড়ানোর অভিযোগ তুলেছেন জামায়াত জোট ও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বুধবার এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বিভিন্ন দিক দিয়ে কালো টাকা ঢুকিয়ে ভোট কেনার চেষ্টা চলছে।
হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে সুনির্দিষ্ট কিছু এলাকার নাম উল্লেখ করেন। তিনি জানান, জাফরগঞ্জ, বরকামতা, সুলতানপুর ও রাজামেহারসহ বেশ কিছু ইউনিয়নে অর্থের বিনিময় ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চলছে। এমনকি কয়েকজন প্রিজাইডিং অফিসারকে ইতিমধ্যে প্রভাবিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ভিডিও বার্তায় তিনি সমর্থকদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাদের কাছে টাকা পাওয়া যাবে, তাদের পাঞ্জাবিসহ ধরে গাছের সাথে বেঁধে রাখুন এবং পুলিশে খবর দিন।” তিনি স্পষ্ট করে বলেন, যারা টাকার জোরে জনগণের আমানত ছিনিয়ে নিতে চায়, দেবিদ্বারের মাটিতে তাদের কোনো অস্তিত্ব থাকবে না।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কালো টাকা বন্ধে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর হতে হবে। অর্থ বিতরণের যেকোনো খবর পাওয়ামাত্রই তিনি নিজে সেখানে উপস্থিত হবেন এবং ভোটারদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবেন বলে ঘোষণা দেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের পাড়া-মহল্লা ও কেন্দ্রে সতর্ক পাহারা দেওয়ার নির্দেশ দেন হাসনাত আবদুল্লাহ। তিনি মনে করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রতিপক্ষ এখন অনৈতিকভাবে ভোট কেনার পথ বেছে নিয়েছে।