বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, ইসলাম নারী-পুরুষকে সমান মর্যাদা দিয়েছে।
বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারণাকালে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
দুলু আরও বলেন, দেশে নারীরা সমান অধিকার নিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না এমন আশঙ্কায় আজ সারা দেশের নারী সমাজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ হয়ে উঠছে।
এ সময় জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।